কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেরামত আলী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা মনরুদ্দিন। পুলিশ বলছে, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী ও চরমপন্থীদের মদদ দেওয়ার অভিযোগ আছে। গতকালই তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে মিজানুর রহমান ও কেরামত আলীর মধ্যে বিরোধ তীব্র হয়। এর জের ধরে সম্প্রতি এলাকায় দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষে অনেক লোক হতাহত হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী ও চরমপন্থীদের মদদ দেওয়ার অভিযোগ আছে। তাঁদের কারণে ওই এলাকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় গত এক সপ্তাহে দায়ের করা পৃথক তিনটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘চরমপন্থী ও সন্ত্রাসী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃতরা চরমপন্থীদের গডফাদার।’