কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলায় জড়িত সন্দেহে মিন্টু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার অন্যতম আসামি ‘বোমারু’ মরুর জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে দৌলতপুর এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। মিন্টু উপজেলার দৌলতখালী গ্রামের বাসিন্দা।মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল রোববার দুপুরে দৌলতপুর বিচারিক হাকিম আদালতে পাঠায় পুলিশ। হাকিম তৌহিদুল ইসলাম রিমান্ডের শুনানির পরবর্তী দিন ধার্য করে মিন্টুকে জেলহাজতে পাঠান।অন্যদিকে মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলামকে গতকাল আদালতে নেওয়া সম্ভব হয়নি। জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, জাহিদুলকে আজ সোমবার আদালতে নেওয়া হবে।ওসি হাসান জানান, বোমারু মরু তার দেওয়া ১৪৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বোমা হামলার ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছে। মরু বিচারকের কাছে জানায়, ১৩ নভেম্বর বোমা হামলার দিন বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে করে জাহিদুল, সিদ্দিক ও আহাদুল পার্শ্ববর্তী উপজেলা মিরপুরের আমলা গ্রামে যায়। সেখানে তারা একজনের কাছ থেকে বোমা নেয় এবং বোমাটি আহাদুলের কোমরে বেঁধে দেয়। এ সময় আহাদুলকে বলা হয়, এটি একটি ছোট ক্যাসেট। সাংসদ আফাজ উদ্দীনের বাড়িতে সন্ধ্যার সময় কী কথা হয়, এই ক্যাসেটের সঙ্গে লাগানো দুটো তার এক জায়গায় করলে তা রেকর্ড হবে। এ কথা বলেই বিকেলে জাহিদুল, আহাদ ও সিদ্দিক তারাগুনিয়া চলে যায়। সন্ধ্যার সময় বোমা বাঁধা অবস্থায় আহাদ ও সিদ্দিক জাহিদুলের মোটরসাইকেলে করে তারাগুনিয়ায় সাংসদের বাড়িতে যায়।প্রসঙ্গত, ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষক ও দুই হামলাকারী নিহত হন।বোমা উদ্ধার: এদিকে গতকাল দুপুর ১২টার দিকে মিরপুর থানাধীন মালিহাদ ক্যাম্পের পুলিশ উপজেলার মালিহাদ গ্রামের একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার করেছে। বোমাগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।