কুষ্টিয়ায় আরও ১০ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১১ জনের লাশ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে একজন।

গত মঙ্গলবার ঈদের দিনে আনন্দভ্রমণে গিয়ে বিকেল চারটার দিকে নৌকাটি ডুবে যায়। নৌকায় মাঝিসহ ১৯ জন ছিলেন। এর মধ্যে সাতজন তীরে পৌঁছাতে সক্ষম হন। নিখোঁজ হন ১২ জন। গতকাল বুধবার সন্ধ্যায় একজনের লাশ উদ্ধার করা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয় ১০ জনের লাশ।

আজ উদ্ধার হয়েছে শাহাজুল ইসলাম (২৪), শিপন আলী (২২), স্বপন আলী (২২), সাবরিনা সিদ্দিকা ওরফে বিভা (২০), কালু মালিথা (১৮), শিখা খাতুন (১৮), বীথি আক্তার (১০) ও তার বোন সুবর্ণা আক্তার (৮), ইমরান (৮) ও অজ্ঞাত এক কন্যাশিশুর লাশ।

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, শনাক্ত হওয়া লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমারখালী উপজেলার গড়াই নদীর এনায়েতপুর এলাকা থেকে মালা আক্তার ওরফে পলি নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়।