কুষ্টিয়ায় ইসমাইল হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ায় ইসমাইল হোসেন ওরফে পাঞ্জের হত্যা মামলার প্রধান আসামি দুলাল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যাকাণ্ডের এক মাস পর গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা বারমাইল এলাকায় একটি ট্রাক থেকে নামার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: মামলার আসামি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের দুলাল হোসেন, কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন ও সুমন শেখ, দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের সাগর ইসলাম ওরফে নাজু এবং চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামের মাজেদুল ইসলাম ওরফে ফটিক, আলমডাঙ্গা উপজেলার শহিদুল ইসলাম ও দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের শরিফুল ইসলাম ওরফে সৈকত৷ গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া র্যাব-১২ কার্যালয়ে র্যাব কুষ্টিয়ার কমান্ডার লে. কমান্ডার আলী হায়দার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান৷
গত ১৪ এপ্রিল মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের বাজারে ইসমাইল হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন ইসমাইলের ছেলে আবদুল্লাহ আল মামুন মিরপুর থানায় ১০ জনের নামসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসািম করে একটি হত্যা মামলা দায়ের করেন।