কুষ্টিয়ায় উদ্ধার হওয়া নবজাতকের অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় গত রোববার উদ্ধার হওয়া নবজাতকের অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিসিক শিল্পনগর এলাকায় স ম লাভলু তাঁর দোকানের পেছনে গত রোববার সকালে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় নবজাতকটির ওজন কম ছিল ও ঠান্ডায় ভুগছিল। বেলা আড়াইটার দিকে হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। পরে নিঃসন্তান দম্পতি বিসিক শিল্পনগরী এলাকার কুমারগাড়া গ্রামের আলামিন মিয়া ও তাঁর স্ত্রী সুমি বেগমের কাছে ওই শিশুর চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গত রোববার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই নবজাতকের মা-বাবার সন্ধান পাওয়া যায়নি। কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক জমির উদ্দীনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। জমির উদ্দীন বলেন, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।