কুষ্টিয়ায় এক বছরে ১৬২৫ জনের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে কুষ্টিয়া সদর উপজেলার বারুইপাড়া গ্রামের সাথী খাতুন বিষপানে আত্মহত্যা করে। কারণ হিসেবে জানা যায়, সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিল। পরের বছর ভালো ফলাফল করতে পারবে কি না, এমন চিন্তা সারাক্ষণ তাকে তাড়িয়ে বেড়াত। প্রায়ই সে তার মাকে বলত যে আত্মহত্যা করবে। হঠাৎ একদিন বিষ পান করে মারা যায় সে।পারিবারিক কলহ, মান-অভিমান ও পরীক্ষায় অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় গত বছর ৯৮ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের প্রতিবেদন লিপিবদ্ধ করার বই থেকে এ তথ্য জানা গেছে। আত্মহননে মৃত্যুর যেসব ঘটনা ময়নাতদন্ত করা হয়নি, সেগুলো এই হিসাবের বাইরে রয়ে গেছে। সেসব মৃত্যুর ঘটনা এর সঙ্গে যোগ করলে সংখ্যাটা আরও বড় হবে। হাসপাতালের সংরক্ষণ বই থেকে আরও জানা যায়, শুধু বিষপানে আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়েছে এক হাজার ১২৫ জন। আর গলায় রশি দিয়ে আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়েছে প্রায় ৫০০ জন। অর্থাৎ গত বছর আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়া নারী-পুরুষের সংখ্যা এক হাজার ৬২৫ জন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দেওয়া তথ্যমতে, গত বছর ৯৮ জন আত্মহননকারীর মধ্যে ২৮ জন পুরুষ ও ৭০ জন নারী। এদের মধ্যে দৌলতপুরের ২০ জন, ভেড়ামারায় আট, খোকসায় পাঁচ, মিরপুরে ১৬, কুমারখালীতে নয়, সদর উপজেলায় ১১ ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় ১৪ জন রয়েছে। অন্যরা অজ্ঞাত এবং দুজন অন্য জেলার। হাসপাতালের আন্তবিভাগে শুধু বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিকিৎসা নিয়েছে ৮৪৩ জন। এর মধ্যে ৩৪৮ জন পুরুষ ও ৪৯৫ জন নারী। আর বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ২৮২ জন। এর মধ্যে ১৫২ জন পুরুষ ও ১৩০ জন নারী।আত্মহননকারী ১৯ থেকে ২৩ বছরের বেশির ভাগ নারীই গৃহবধূ। খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ গৃহবধূই পারিবারক কলহের কারণে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। অনুসন্ধানে জানা যায়, গ্রামের গৃহস্থ পরিবারে জমিতে দেওয়ার জন্য কীটনাশক রাখা হয়। পারিবারিক কলহ দেখা দিলে, খুব সহজেই নারীরা তা হাতের মুঠোয় পেয়ে যায়।গাংনি ডিগ্রি কলেজের মনোবিজ্ঞানের শিক্ষক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের কারণে মানুষ যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে, তখনই আত্মহত্যার পথ বেছে নেয়। এ ছাড়া প্রেমের মিথ্যা প্রলোভন, বাবা-মায়ের প্রতি অভিমানসহ বিভিন্ন কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি বলেন, এগুলো প্রতিরোধে পরিবারই মুখ্য ভূমিকা পালন করতে পারে। এ জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ। বাবা-মা, পরিবারের সবাই একে অপরের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলে কেউ কখনো আত্মহত্যা করতে পারে না। গ্রামের কৃষকেরা যেসব কীটনাশক ব্যবহার করেন, সেগুলো জমিতেই শেষ করে ফেলে রাখা উচিত।