কুষ্টিয়ায় এক রাতে চারটি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এক রাতে চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট, দোস্তপাড়া ও খাজানগরে এসব চুরির ঘটনা ঘটে।এতে ওই সব এলাকায় ১০টি ক্ষুদ্রশিল্প, ২০টি বাণিজ্যিক ও ৭৫টি আবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে অন্তত ২০টি চালকলে উৎপাদন বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।এলাকাবাসী ও ওজোপাডিকো সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে প্রায় ২০-২৫ জনের সংঘবদ্ধ একটি দল খাজানগর এলাকার বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে ট্রাকে করে নিয়ে যায়। এ ছাড়া তারা দোস্তপাড়া ও কবুরহাট এলাকা থেকে আরও দুটি ট্রান্সফরমার খুলে ট্রাকে করে নিয়ে যায়। এর মধ্যে দুটি ১০০ কেভিএ ও দুটি ২০০ কেভিএ ট্রান্সফরমার রয়েছে। যার আনুমানিক মূল্য কমপক্ষে ১২ লাখ টাকা। নতুন ট্রান্সফরমার বসাতে খুলনা সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান। সরেজমিনে দেখা গেছে, ট্রান্সফরমার চুরির ফলে খাজানগর চালের মোকামের আওতাধীন ২০-২২টি চালকলে উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে শতাধিক শ্রমিক বসে আছেন। দোস্তপাড়া এলাকার বৃদ্ধা সকিনা খাতুন বলেন, ‘ম্যালা রাইতি জোরে শব্দ হলি পরে সিদ্দিক (জামাতা) বাড়ির বাইর হয়। মাইরি ফেলার কথা বললিই পারে সইরি আসে।’ খাজানগর এলাকার দাদা রাইস এজেন্সির মালিক আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় একটি কারখানায় প্রতিদিন প্রায় ১০০ মণ চাল উৎপাদন বন্ধ রয়েছে। এতে কারখানার মালিকেরা লোকসানের মুখে পড়বেন।বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী সৈয়দ এ কে সিরাজুন-নূর বলেন, ‘চোরেরা খুবই প্রশিক্ষিত বলে মনে হয়। তারা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে চুরি করেছে। ট্রান্সফরমার চুরি রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েও কোনো ফল হচ্ছে না।’