কুষ্টিয়ায় এক শিক্ষক ও তাঁর ছেলেকে গুলি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার খন্দকবাড়িয়ায় গত বৃহস্পতিবার রাতে এক শিক্ষক ও তাঁর ছেলেকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। দুজনকে রাতেই ঢাকার হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (৫২) ও তাঁর ছেলে সোহেল রানা (২৪)।
পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে রাতে শহিদুল ও তাঁর ছেলে মিরপুর বাজার থেকে খন্দকবাড়িয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছানো মাত্রই সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়লে লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই শহিদুলকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ও সোহেলকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।
শহিদুলের চাচাতো ভাই রাজা বলেন, ২০০৬ সালের ১৮ এপ্রিল তাঁর আরেক ভাই কামরুল ইসলামকে লালনগর গ্রামে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শহিদুল ইসলাম লালনগর গ্রামের প্রভাবশালী কয়েকজনের নামে মামলা করেন।