কুষ্টিয়ায় এক সপ্তাহে দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সী রশিদুর রহমান স্থানীয় মহেন্দ্রপুর বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এর ছয় দিন পর গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় খুন হন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া শিল্প ও বণিক সমিতির পরিচালক নূর হোসেন ওরফে দুলাল।
পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ দুটি হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা জড়িত বলে জেলা পুলিশের শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তা ধারণা করছেন। তবে তাঁরা গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত এ দুটি হত্যার রহস্য উদ্ঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের দাবি, চলমান রাজনৈতিক ডামাডোলের মধ্যে সন্ত্রাসীরা স্বার্থান্বেষী ব্যক্তিদের পক্ষে এমন ঘটনা ঘটাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন বাইরে পালিয়ে থাকা বেশ কয়েকজন সন্ত্রাসী ও চরমপন্থীর শহরে আনাগোনা বেড়ে গেছে। পাশাপাশি উঠতি সন্ত্রাসীরাও জেগে উঠেছে। টাকার বিনিময়ে তারা যেকোনো খুন করতে পারে। এদিকে ১৫ ডিসেম্বর (রোববার) দুপুরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে কুষ্টিয়ার পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠন প্রতিবাদ সভা করে।
সমিতির সভাপতি আবু সালেহ মো. রেজার সভাপতিত্বে সভায় নেতারা সোমবারের মধ্যে খুনিদের গ্রেপ্তারে প্রশাসনকে সময়সীমা বেঁধে দেন। অন্যথায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য যন্ত্রচালিত সব পরিবহন ধর্মঘটের ডাক দেন।