কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গতকাল রোববার ফুলচাঁদ (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা সন্দেহ করছেন। ইতিমধ্যে নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে লালমনিরহাট, রংপুরসহ উত্তরাঞ্চলে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরে চারজনের মৃত্যুর পর জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা।কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, জেলার মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ফুলচাঁদ তিন-চার দিন আগে জ্বরে আক্রান্ত হন। গত শনিবার তাঁকে হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফুলচাঁদের বাবা জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে ফুলচাঁদ খেজুরের রস পান করেছিলেন। এরপর তাঁর তীব্র জ্বর, মাথাব্যথা ও বমি শুরু হয়।কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জামালউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, সন্দেহ করা হচ্ছে এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে ফুলচাঁদের মৃত্যু হয়েছে। তবে এটি নিপাহ ভাইরাসজনিত কি না, নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ঢাকায় প্রতিবেদন পাঠানো হয়েছে। দিনাজপুরে সর্বোচ্চ সতর্কাবস্থা: নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে গত এক সপ্তাহে জেলার কাহারোল উপজেলার সাহাপুর ও পশ্চিম সাদিপুর গ্রামের চারজনের মৃত্যুর পর জেলার স্বাস্থ্য বিভাগের সব ধরনের চিকিৎসক ও কর্মীদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সেই সঙ্গে রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। সিভিল সার্জন জানান, নিপাহ ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। এর চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ রয়েছে। রোগ নিয়ে আতঙ্কের কারণ নেই।