কুষ্টিয়ায় একটি খুনের ঘটনায় মুখোমুখি আ.লীগ-জাসদ
কুষ্টিয়ায় একটি খুনের ঘটনাকে কেন্দ্র আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। প্রকাশ্যে সমাবেশ করে আওয়ামী লীগের নেতারা জাসদের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে মিরপুর উপজেলা জাসদের সাবেক সহসভাপতি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে আবদুল্লাহ আল মামুন ১০ জনের নামসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের আসামি করা হয়। প্রধান আসামি করা হয়েছে ইসমাইলের বাড়ি আহমঞ্চদপুর গ্রামের মকসেদ আলীর ছেলে দুলাল হোসেনকে। দ্বিতীয় আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন ওরফে সবুজ। বাকি আসামিরা আহমঞ্চদপুর ও আশপাশের গ্রামের বাসিন্দা।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পুলিশকে দ্রুত খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। অন্যদিকে সাজ্জাদ হোসেনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে শহরে কয়েক দিন ধরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় আওয়ামী লীগ।
১৬ এপ্রিল কুষ্টিয়া জেলা যুবলীগের কর্মী সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ কোনো প্রকার তদন্ত ছাড়াই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করার সমালোচনা করেন। ১৬ এপ্রিল আরেক সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ইনুকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের নিরীহ নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করলে আপনাকে কুষ্টিয়ায় নামতে দেওয়া হবে না।’ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় বলেন, আসামিরা পুলিশ প্রহরায় ঘুরছে। অথচ তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভাই বোঝেনই তো, একদিকে প্রভাবশালী নেতা অন্যদিকে মন্ত্রী। আমরা পড়েছি চিপায়।’