কুষ্টিয়ায় একের পর এক কেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আকবর বেলা ১১টায় আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। সেখানে আওয়ামী লীগ-সমর্থিতদের কেন্দ্র দখল দেখে তিনি ক্ষুব্ধ হন। ভোট না দিয়ে তাৎক্ষণিক ভোট বর্জনের ঘোষণা দেন।
আলী আকবর প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফিরোজ আল মামুনের লোকজন কেন্দ্র দখল করে ভোট মেরে নিচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি।’ বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের বাধায় ভোট দিতে পারেননি। এই চিত্র কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের। এমন অভিযোগে বেলা সাড়ে তিনটার মধ্যে জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।
সকাল সাড়ে নয়টায় পিপুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতিও ছিল শূন্য। পৌনে ১০টার দিকে চকঘোগা কেন্দ্রেও কোনো ভোটারদের চোখে পড়েনি। সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব তারাগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়। এই কেন্দ্রে উভয় প্রার্থীর এজেন্টদের পাওয়া যায়।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত লোকজন কেন্দ্র দখলে নিয়ে ভোট দিতে থাকে। অনেকটা নীরবে সবকিছু হয়ে যায়। হোগলবাড়িয়া, মরিচা, আড়িয়া, বোয়ালিয়া, পিয়ারপুর ও খলিশাকুন্ডি ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও ব্যালট বেশি পড়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম সরকার বেলা তিনটার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, অন্তত ৫৫টি কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করে প্রায় ৭৫ হাজার ভোট মেরে নিয়েছে। প্রশাসনকে জানিয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। বাকি কেন্দ্র প্রশাসনের লোকজন দখলে দেয়। হোগলবাড়িয়া, মরিচা, আড়িয়া, বোয়ালিয়া, পিয়ারপুর ও খলিশাকুন্ডি ইউনিয়নের কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে ঘণ্টায় ঘণ্টায় দখল করে নেয় আওয়ামী লীগের লোকজন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত প্রার্থী শরিফুল কবির বেলা সাড়ে তিনটার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, প্রায় ৫০টি কেন্দ্রে প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় আওয়ামী লীগের লোকজন ভোট কেটে নিয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোকতার হোসেন বলেন, অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রার্থীদের অভিযোগ সত্য নয়। পুলিশ সুপার মফিজ উদ্দীন আহমেঞ্চদ বলেন, উপজেলাটি অনেক বড়। সেই তুলনায় কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।