কুষ্টিয়ায় এসি ল্যান্ডের ১০ অনুরোধ
কুষ্টিয়া সদর উপজেলা ভূমি কার্যালয়ে সেবা নিতে এসে আপনি কি হয়রানির শিকার হচ্ছেন? জমির নামজারি বা রেকর্ড সংশোধনের জন্য কি অতিরিক্ত ফি বা ঘুষ দিতে হচ্ছে? এমন ১০ ধরনের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অনুরোধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ।
গত সোমবার রাতে সদর উপজেলার ফেসবুক পাতায় সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) এ ধরনের একটি স্ট্যাটাস দেন। এতে বলা হয়, ‘মুঠোফোনের মাধ্যমে মৌখিক ও খুদেবার্তা পাঠিয়ে এসব অভিযোগ জানানো যাবে। ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যায় ভূমি কার্যালয়ের কর্মকর্তারা সব সময় আপনার পাশে থাকবেন। আপনার নাম গোপন রাখা হবে—কথা দিলাম।’
হাফিজ আল আসাদ প্রথম আলোকে বলেন, ভূমি সেবা-সংক্রান্ত যেকোনো সমস্যা তথ্য-প্রমাণসহ ফেসবুক আইডি ও মুঠোফোনে জানাতে পারবে সাধারণ মানুষ। তাদের সমস্যা দ্রুত সমাধান করা হবে। আর কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। ভূমি সেবা দিতে স্বচ্ছতা আনতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেসবুক পাতায় যেসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মিস কেসের আবেদন, শুনানিতে হাজিরা প্রদান, আদেশের ও খতিয়ানের কপি পেতে কার্যালয়ের কাউকে অতিরিক্ত টাকা, ঘুষ বা সরকার-নির্ধারিত ফির বাইরে কি টাকা দিতে হচ্ছে কি না, ভিপি (অর্পিত) সম্পত্তি ইজারা নবায়ন, হাটবাজারের চান্দিনা ভিটি একসনা ইজারা নবায়নের জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে কি না, সরকারি খাসজমিতে বা ভিপি জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠছে কি না, সরকারি বা ভিপি সম্পত্তির গাছ কি কেউ কেটে নিচ্ছে কি না, ইউনিয়ন ভূমি কার্যালয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) বা ইউনিয়ন ভূমি কার্যালয়ের পিয়নের কাছে হয়রানির শিকার হচ্ছেন কি না, খাজনা দিতে গিয়ে ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না ও খাসজমি বন্দোবস্ত পাওয়ার জন্য দরখাস্ত জমা দিতে এসে বা প্রাপ্তির জন্য হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছে কি না।