কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী কালীপূজা শুরু
কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় সর্বজনীন পূজা মন্দিরে গত শনিবার মধ্যরাত থেকে ঐতিহ্যবাহী কালীপূজা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে ১১টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে পাঁচ দিনব্যাপী এ পূজার উদ্বোধন করেন কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী। রাত ১২টা ১ মিনিটে পূজা শুরু হয়।
পূজা উপলক্ষে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মন্দির কমিটির সভাপতি সুনীল কুমার চক্রবর্তী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুষ্টিয়া সদর উপজেলা শাখার আহ্বায়ক সুজন কুমার কর্মকার প্রমুখ।
অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, গড়াই নদের পাড় ঘেঁষে এই মন্দিরে ৩৬ বছর ধরে কালীপূজা উদ্যাপিত হয়ে আসছে।
গতকাল রোববার পূজার দ্বিতীয় দিনে ভক্তরা কালীর পায়ের নিচে দুধ, চিনি, সিঁদুর দিয়ে নিজের, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া মানত করে অনেকে জীবিত কবুতর কালীর পায়ের নিচে রেখে যান। আগামী বুধবার
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।