কুষ্টিয়ায় ওসিকে তাৎক্ষণিক বদলি
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে গতকাল মঙ্গলবার বিকেলে তাৎক্ষণিক বদলির (স্ট্যান্ড রিলিজ) আদেশ দেওয়া হয়েছে। সহকর্মীদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ তোলা এবং মামলার তদন্তকাজে গাফিলতিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।কুষ্টিয়া পুলিশের এক কর্মকর্তা জানান, আসামিদের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়ে আসাদুজ্জামান তাঁর এক দেহরক্ষীকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেন বলে সম্প্রতি অভিযোগ পাওয়া যায়। ওই দেহরক্ষীকে অন্যত্র বদলি করতে গেলে আসাদুজ্জামানের সঙ্গে কুষ্টিয়া পুলিশ সুপার একরামূল হাবীবের বাদানুবাদ হয়। ওই কর্মকর্তা বলেন, পুলিশ সুপারের সঙ্গে এ নিয়ে ওসির ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ চলছিল। পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, আসাদুজ্জামান সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিগুলোতে তিনি অভিযোগ করেন, জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তবে ডায়েরিতে তিনি কারও নাম উল্লেখ করেননি। কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, ওসির অভিযোগ তদন্ত করতে পুলিশ সুপার তাঁকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্য হলেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম। কমিটির প্রতিবেদনে সাধারণ ডায়েরিতে উল্লিখিত অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। পুলিশ সুপার প্রতিবেদনটি ঢাকায় সদর দপ্তরে পাঠান। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, গতকাল সদর দপ্তর থেকে পুলিশ সুপার বরাবরে একটি চিঠি আসে। তাতে আসাদুজ্জামানকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়। তবে তাঁকে কোথায় বদলি করা হয়েছে তা জানা যায়নি।