কুষ্টিয়ায় ওসির কক্ষে সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের কক্ষে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ রানাকে মারধর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার সি এ হালিম ও কুষ্টিয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আরিফ উজ জামান উপস্থিত ছিলেন।এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা জেলা প্রশাসক বনমালী ভৌমিকের কার্যালয়ের সামনে তা ৎ ক্ষণিক আধা ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন। সাংবাদিকেরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং ওসি আনোয়ার হোসেনের অপসারণের দাবি করেন।সাজ্জাদ রানা বলেন, স্থানীয় একটি পত্রিকার প্রকাশনা বাতিলসহ বিভিন্ন দাবিতে তাঁরা গতকাল শহরের মজমপুরে মানববন্ধনের ডাক দেন। পরে একই সময়ে একই স্থানে অপর পক্ষ ওই দাবির বিরোধিতা করে একই কর্মসূচির ডাক দেয়।খোকসা-কুমারখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বনমালী ভৌমিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে সাজ্জাদ রানাকে থানায় ডাকা হয়। একই সঙ্গে এনডিসি আরিফ উজ জামানও থানায় আসেন। কিছুক্ষণ পর অপর পক্ষের সাংবাদিক বিপ্লব ও স্বপন থানায় ঢুকে সাজ্জাদ হোসেনের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরাসহ তিন-চারজন সাংবাদিক সাজ্জাদকে মারধর করেন।এনডিসি আরিফ উজ জামান বলেন, এ ঘটনায় তিনি খুবই মর্মাহত। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটবে, তা তিনি ভাবতে পারেননি। সাজ্জাদ রানাকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও আঘাত পান।সাজ্জাদ রানা বলেন, ওসি ওই সময় নীরব ভূমিকা পালন করেন। এ ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে ওসির অপসারণসহ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে দুপুরে সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধা ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন। পরে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সঙ্গে সাংবাদিকেরা বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে তিনি গতকাল বিকেল পাঁচটায় পুলিশ ও সাংবাদিকদের নিয়ে যৌথ আলোচনার সিদ্ধান্ত দেন। তবে শেষ পর্যন্ত ওই বৈঠক হয়নি।একই সময়ে একই স্থানে সাংবাদিকদের বিবদমান দুই পক্ষ কর্মসূচি আহ্বান করায় জেলা প্রশাসন গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।মডেল থানার সহকারী উপপরিদর্শক নার্গিস বলেন, এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদী হয়ে তিন-চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের কয়েক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।