কুষ্টিয়ায় ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের বিরুদ্ধে আসামি না ধরা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে কুষ্টিয়ায় স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে জিয়াউর রহমান নামে এক কয়লা ব্যবসায়ী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কয়লা ব্যবসায়ী জিয়াউর রহমান অভিযোগ করেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার এবিসি ব্রিকস নামে ইটভাটার মালিক আশরাফুল ইসলাম ২০১১ সালে তাঁর কাছ থেকে বাকিতে ১১ লাখ টাকার কয়লা কেনেন। পরে আশরাফুল টাকা দিতে গড়িমসি করেন এবং হুমকি দিতে থাকেন।
এ ব্যাপারে তিনি ময়মনসিংহ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে মিরপুর থানার ওসি মতিয়ার রহমান একাধিকবার আসামি ধরে ছেড়ে দেন বলে অভিযোগ করেন। ওসি আসামি ধরার জন্য পাঁচ হাজার টাকা ঘুষ নিলেও তা পরে ফেরত দেন। জিয়াউর রহমান আরও বলেন, জানতে পেরেছি আসামি ২৬ জুন থেকে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিনে ছিলেন। তার মেয়াদ শেষ হয়ে গেছে। কয়েক দফায় মিরপুর থানায় গেলে ওসি মতিয়ার রহমান বিষয়টি আপস করার প্রস্তাব দেন।
এ ব্যাপারে আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে ওসি মতিয়ার রহমান বলেন, আসামি জামিনে থাকায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা ও ভিত্তি নেই।