কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণে চারজন আহত
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের গণসংযোগের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেলেও দলের চার কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গত সোমবার রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাব উদ্দিন রাত সোয়া নয়টার দিকে লক্ষ্মীপুর বাজারে দাঁড়িয়ে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আব্দালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোফাজ্জেল হোসেন, স্থানীয় বিএনপির নেতা জাকির হোসেন, সেলিম হোসেন ও মোস্তাকিম আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন।সোহরাব উদ্দিন অভিযোগ করেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম বলেন, বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।