কুষ্টিয়ায় কলেজছাত্র খুন, বরিশালে লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছিরদিয়াড় গ্রামে শুক্রবার শ্যামল (২৪) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। শ্যামল কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ও উপজেলা গাছিরদিয়াড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে।বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন থেকে গতকাল শনিবার খোকন হাওলাদার (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। খোকন একই ইউনিয়নের করিবকাঠী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে ও স্থানীয় বাজারের মুদি দোকানি ছিলেন।দৌলতপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে গাছিরদিয়াড় গ্রামের আবদুল মান্নানের ছেলে আশিকের সঙ্গে শ্যামলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল মান্নান ধারালো ছুরি দিয়ে শ্যামলের পেটে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। খোকনের পরিবার জানায়, শুক্রবার রাতে কাজের কথা বলে ঘর থেকে বের হয়ে যান খোকন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল সোয়া নয়টায় বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠেরপুলসংলগ্ন বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।