কুষ্টিয়ায় কলেজছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারায় কলেজছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশের মধ্যে একজন দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের ছাত্তার মণ্ডলের মেয়ে মালা খাতুন (২২)। আরেকজন ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩০)। মালা খাতুন স্থানীয় মহিষকুণ্ডি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

মালা খাতুন আত্মহত্যা করেছেন এবং আরিফুল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালা খাতুন শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে গতকাল রাত সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে মালা খাতুন আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে আজ দুপুর ১২টার দিকে ভেড়ামারা শহরসংলগ্ন বামনপাড়া এলাকায় মুরগির একটি খামারের পাশ থেকে আরিফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতের কোনো একসময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আরিফুল মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।