কুষ্টিয়ায় ৪১৬টি চালকলের মালিককে কালো তালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। তাঁরা আগামী চার মৌসুম অর্থাৎ দুই বছর সরকারের সঙ্গে চাল সরবরাহে কোনো ধরনের চুক্তি করতে পারবেন না। বোরো মৌসুমে চাল সরবরাহে চুক্তি না করায় শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছে খাদ্য বিভাগ।
জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কালো তালিকাভুক্ত হওয়া চালকল মালিকদের অচিরেই নোটিশ পাঠানো হবে। তাঁরা ইতিমধ্যে কালো তালিকায় পড়ে গেছেন। এ জন্য আগামী দুই বছর ৪১৬টি চালকলের মালিক সরকারের সঙ্গে চাল সরবরাহের জন্য কোনো চুক্তি করতে পারবেন না।’
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র বলছে, গত ১ মে থেকে এ জেলায় চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কুষ্টিয়ায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৪৬৪ টন। খাদ্য বিভাগের তালিকাভুক্ত ৬০৯ জন চালকল মালিক। নির্ধারিত সময়ে চুক্তি করেছে মাত্র ১৯৩টি চালকল। এর মধ্যে ভেড়ামারা, খোকসা ও কুমারখালী উপজেলার কোনো মিল মালিক চুক্তি করেননি।
দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম সদর উপজেলায় ৩৭৫ চালকল মালিকের মধ্যে ৮৪ জন চুক্তি করেন। এখানে সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩০১ টন থাকলেও চালকল মালিকেরা চুক্তি করেন মাত্র ৪ হাজার ৮৯৮ টনের। কুমারখালীতে ৫৬৪, খোকসায় ১৭০ ও ভেড়ামারায় ১৮১ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এ তিন উপজেলার কোনো চালকল মালিক চুক্তি করেননি। মিরপুরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৩৮০ টন। ১৩৮ জন চালকল মালিকের মধ্যে ১ হাজার ৪৭৭ টন চাল দিতে ৮৫ জন চুক্তি করেছেন। আর দৌলতপুরের ৪০ চালকল মালিকের ৮৬৮ টন চালের বিপরীতে মাত্র ২৪ জন ৬৩৯ টন চাল দিতে রাজি হন।
খাদ্য বিভাগ বলছে, চুক্তি করা চালকল মালিকের মধ্যে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সদরে মাত্র দুজন ১৩৫ টন চাল সরবরাহ করেছেন। বাকি দুই উপজেলার কেউ চাল দেননি। জেলায় মোট আটটি গুদাম রয়েছে। মোট ধারণক্ষমতা ১৭ হাজার ৪০০ টন। বর্তমানে এখানে ৩ হাজার ২২৮ টন চাল আছে। চলতি মৌসুমে চাল সংগ্রহ না হলে গুদামগুলো ফাঁকা থাকবে।
খাদ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বাজার পরিস্থিতি ও চাল সংগ্রহে বাইরের দেশ থেকে চাল আমদানির বিকল্প নেই।
খাদ্য বিভাগ সূত্র বলছে, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে ১ জুন খাদ্য অধিদপ্তর থেকে একটি চিঠি আসে। তাতে উল্লেখ করা হয়, যাঁরা চলতি বোরো মৌসুমে চুক্তি করেননি, তাঁরা আগামী ২০১৭-১৮ আমন মৌসুম থেকে চার মৌসুম (দুই বছর) চুক্তির বাইরে থাকবেন। একইভাবে চুক্তি করার পরও যাঁরা চাল সরবরাহ করবেন না, তাঁদের আগামী দুই মৌসুম (এক বছর) চুক্তির বাইরে রাখা হবে।
নাম প্রকাশ না করার শর্তে খাজানগর এলাকার কালো তালিকার দুটি চালকলের মালিক বলেন, বর্তমানে বাজারে মোটা চালের কেজি ৪২-৪৪ টাকা। কিন্তু সরকার নির্ধারিত দাম ৩৪ টাকা। প্রায় ১০ টাকা লোকসানে সরকারকে চাল দিতে হবে। যাঁরা চুক্তি করেছেন, তাঁরা অনেকটা চাপে পড়েই করেছেন।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, ‘ঈদের পর আমি চাল দেব, বাকিরা কবে দেবেন, তা জানি না। যাঁরা চুক্তির বাইরে, তাঁদের ব্যাপারেও কিছু বলতে পারব না। তবে লাখ লাখ টাকা লোকসান করে চাল দিলে মালিকেরা ব্যাংকঋণ পরিশোধ করতে ব্যর্থ হবেন।’