কুষ্টিয়ায় কুপিয়ে ও শ্বাসরোধে একজনকে হত্যা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কলম আলী (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার তাঁতীবন্দ গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী ও মিরপুর থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটার দিকে তাঁতীবন্দ গ্রামের কৃষকেরা মাঠে কাজ করতে গেলে এক ব্যক্তির হাত-পা ও গলায় ফাঁস লাগানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কলম আলীর স্ত্রী শেফালী খাতুন জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে কলম আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।এলাকাবাসী জানান, কলমের পৈতৃক বাড়ি দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামে। ৩০ বছর আগে তাঁতীবন্দ গ্রামে বিয়ে করে এখানেই থেকে যান। তিনি এলাকায় গাঁজার ব্যবসা করতেন।মিরপুর থানার ওসি মশিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গাঁজার টাকা বা গাঁজা সেবন নিয়ে কারও সঙ্গে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। কলমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কয়েকটি মামলা রয়েছে।