কুষ্টিয়ায় খাবারের ৫৫টি হোটেলে ধর্মঘট

কুষ্টিয়া শহরে খাবারের ৫৫টি হোটেলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। গতকাল সোমবার মহান মে দিবসে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুষ্টিয়া শাখার এক কর্মচারীকে মারধরের করে আহত করার প্রতিবাদে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে শহরে আসা সাধারণ মানুষ।
মালিক সমিতির সভাপতি আলিমুল হক রঞ্জু সকাল ১০টায় প্রথম আলোকে জানান, গতকাল সোমবার সকাল নয়টার দিকে শ্রমিক সংগঠনের কয়েকজন নেতা-কর্মী শহরের মজমপুর এলাকায় জাহাঙ্গীর হোটেলের কয়েকজন কর্মচারীকে হোটেলের মধ্যে থেকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে শ্রমিকনেতারা হোটেলমালিকের ওপরও চড়াও হন। ঘটনার সময় সমিতির অফিস সহকারী মো. স্বপন হোটেলমালিকের সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করলে শ্রমিকনেতারা উত্তেজিত হয়ে স্বপনকেও কিলঘুষি মারেন। এতে তিনি আহত হলে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আলিমুন আরও জানান, পরে শ্রমিকনেতারা পাশে বাগাট মিষ্টান্ন ভান্ডার ও শিল্পী হোটেলে গিয়ে বেশ কয়েকজন শ্রমিককেও কাজ করার অভিযোগে মারধর করেন। মারধর ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে।
আলিমুন বলেন, ‘আমরা কোনো শ্রমিককে জোর করে মে দিবসে কাজে ডাকিনি। তারা নিজেরাই কাজে আসে। কেউ মিছিল বা সমাবেশে যেতে চাইলে তাদের বাধাও দেওয়া হয় না। তারপরও কিছু নামধারী শ্রমিকনেতা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের সমিতিতে ৫৫টি হোটেল রয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। ’
এ ব্যাপারে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হোটেলমালিকের কাছে কুষ্টিয়ার ৫০০ থেকে ৬০০ শ্রমিক জিম্মি হয়ে আছে। মালিকেরা মে দিবসের দিন শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করিয়ে নিয়েছে। শ্রমিকদের মারধর করেছে। তারপরও তারা হোটেল বন্ধ রেখে মানুষকে জিম্মি করছে। হোটেল বন্ধ না করে শ্রমিকদের সঙ্গে বৈঠক করে এর একটা সুরাহা করতে পারত। আমাদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হয় না। মালিকপক্ষ আমাদের সুযোগ-সুবিধা কিছুই দেয় না।’
এদিকে হোটেল বন্ধ থাকায় অনেককে খাবার খেতে গিয়ে ফিরে আসতে হয়। দুর্ভোগে পড়েন হাসপাতালে থাকা রোগীদের স্বজনেরা।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার উপমহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিমন কুমার সাহা প্রথম আলোকে বলেন, হোটেলমালিক ও শ্রমিকদের মধ্যে একটা বিরোধ আছে। এটার সুরাহা হওয়া উচিত। এটা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ আসেনি। দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে বসা হচ্ছে।