কুষ্টিয়ায় খুন হওয়া চালকের ইজিবাইকটি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরতলির বাড়াদি গ্রামে গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীদের হাতে খুন হওয়া মোহাম্মদ রানার ইজিবাইকটি উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। এ সময় তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শামীম রেজা (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-১২ এ তথ্য জানায়। কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া শামীমসহ আরও পাঁচজন যুবক গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর থেকে মোহাম্মদ রানার ইজিবাইকটি ভাড়া করে বাড়াদি গ্রামের দিকে যান। মাঠের ভাগাড় এলাকায় পৌঁছে তারা রানাকে হত্যার পর তাঁর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত নয়টার দিকে কুমারখালীর বাঁধবাজার এলাকা থেকে ওই ইজিবাইকসহ শামীম রেজাকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য যুবকদের গ্রেপ্তারে র্যাব অভিযান অব্যাহত রেখেছে।
গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরতলির বাড়াদি গ্রামে মাঠের ভাগাড় এলাকায় পাকা সড়কের ওপর মোহাম্মদ রানাকে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা তাঁর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।