কুষ্টিয়ায় গরুর ক্রেতা নেই বিপাকে সহস্রাধিক খামারি
কুষ্টিয়া শহরের টাকিমারার বাসিন্দা নজরুল ইসলাম পেশায় শিক্ষক। পাশাপাশি গরু মোটাতাজাকরণের সঙ্গে জড়িত। গত বছর ২২টি গরু বিক্রি করে কয়েক লাখ টাকা লাভ করেছেন। এ বছর নয়টি গরু মোটাতাজা করেছেন। কিন্তু ক্রেতা খুঁজে পাচ্ছেন না। ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। গত মঙ্গলবার এক ব্যবসায়ী আগ্রহ দেখালেও খুবই কম দাম দিতে চান।
শুধু নজরুল ইসলামই নন কুষ্টিয়ার প্রায় ২০ হাজার খামারি তাঁদের খামার ও পরিবারে পোষা গরু নিয়ে চরম বিপাকে পড়েছেন। গত দুই বছর ভারতীয় গরু না আসায় দেশীয় গরুর ব্যাপক চাহিদা ছিল। তাতে গরু বিক্রি করে কুষ্টিয়ার খামারিরা বেশ লাভবান হয়েছিলেন। কিন্তু এবার ভারতীয় গরু প্রবেশ করার আশঙ্কায় কোনো ব্যবসায়ী দেশীয় গরু কিনছেন না। এতে বিপাকে পড়েছেন খামারিরা।
ক্রেতা নেই এমন বিষয়টি অকপটে স্বীকার করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশাদুল হক। তিনি বলেন, প্রতিদিন খামারিরা ফোন করে গরু কেনার ক্রেতা নেই বলে জানাচ্ছেন। ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় ক্রেতারা গরু কিনতে চাচ্ছেন না। এতে মনে হচ্ছে এবার গরুর খামারিরা লোকসানের মুখে পড়বেন।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ২০ হাজার ৬৮৬ খামারে প্রায় ১ লাখ ২০ হাজার গরু মোটাতাজা করা হচ্ছে, যা গত বছরের থেকে প্রায় ১০ হাজার বেশি। কোরবানির জন্য জেলায় ২৫ থেকে ৩০ হাজার গরুর চাহিদা রয়েছে। বাকি গরু দেশের বিভিন্ন জেলার হাটে চলে যায়। সদর উপজেলায় প্রায় ২৫ হাজার কোরবানির গরু পালন করা হয়। এর বাইরে কুমারখালী, মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা ও খোকসায় ছোট-বড় অনেক খামার গড়ে উঠেছে। ঢাকা ও চট্টগ্রামে কুষ্টিয়ার গরুর চাহিদা সবচেয়ে বেশি। ঈদুল আজহার দুই সপ্তাহ আগে থেকে ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে যান। কিন্তু এবার ১০ শতাংশও বিক্রি হয়নি।
সদর উপজেলার আইলচারা গ্রামের রফিকুল ইসলাম বলেন, তিনি পাঁচটি গরু পালছেন। ঢাকার এক ব্যবসায়ী দুটি গরু ৯ লাখ টাকা দাম বলেছিলেন। ভারত থেকে গরু আসার খবর শুনে ঢাকার ব্যাপারী যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। রফিকুলের ভাই হাবিবুর রহমান পালছেন ১১টি গরু। লাল ও কালো রঙের গরুগুলোর আকার অনেক বড়। এক বছর ধরে পালন করতেই খরচ হয়েছে ৪ লাখ টাকা। ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন। কিন্তু কোনো ক্রেতা নেই। তিনিও দিশেহারা হয়ে পড়েছেন।
গরু ব্যবসায়ী আনিসুর রহমানর জানান, গত সপ্তাহেও গরুর দাম চড়া ছিল। তবে হঠাৎ কয়েক দিন হলো দাম কিছুটা কমে গেছে। বাজার এখন ওঠানামা করছে। ভারতীয় গরু না এলে এ বছর খামারিরা ভালো লাভ করতে পারবেন। আরেক ব্যবসায়ী শাজাহান আলী বলেন, ঢাকার বড় ব্যবসায়ীরা তেমন যোগাযোগ করছেন না।
কুষ্টিয়ার সবচেয়ে গরুর বড় হাট সদর উপজেলার আলামপুরে। শনিবার হাট বসে। প্রচুর গরু আসতে শুরু করেছে। কিন্তু সেই তুলনায় চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাপারীরা আসছেন না।