কুষ্টিয়ায় গুলিতে জাসদের সাবেক নেতা নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আজ সোমবার সকালে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইসমাইল হোসেন ওরফে পাঞ্জের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপজেলা কমিটির সহসভাপতি ছিলেন। পুলিশের ভাষ্য, তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী।
এ ঘটনায় শফিকুল ইসলাম ওরফে শফি মণ্ডল নামের আওয়ামী লীগের এক স্থানীয় নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, আজ ভোর সোয়া ছয়টার দিকে মিরপুর উপজেলার আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল (৫৫) তাঁর বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন।
নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তিন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তাঁদের পরনে বৈশাখের নতুন পোশাক ছিল। মাথায় ছিল লাল রঙের গামছা। তাঁদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। মোটরসাইকেল থেকে নেমে এক দুর্বৃত্ত পিস্তল দিয়ে ইসমাইলকে পাঁচটি গুলি করেন। বাধা দিতে গেলে শফিকুলকেও গুলি করা হয়। পরে তাঁরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ইসমাইল ও শফিকুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। কর্তব্যরত চিকিত্সক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
উন্নত চিকিত্সার জন্য গুলিবিদ্ধ শফিকুলকে বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বুকের ডান পাশে গুলি লেগেছে। উপজেলার পোড়াদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আহমদপুর গ্রামের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক আহমদ আলী জানান, উপজেলা কমিটির সহসভাপতি ছিলেন ইসমাইল।
ইসমাইলের ভাই রমজান আলীর অভিযোগ, তাঁর ভাইয়ের প্রতিপক্ষ এই হত্যাকাণ্ডে জড়িত বলে তাঁরা সন্দেহ করছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের তথ্যমতে, ইসমাইল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।