কুষ্টিয়ায় গুলিতে বিএনপি নেতা নিহত, কাল জেলায় হরতাল

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মহেন্দ্রপুর বাজারে সন্ত্রাসীদের গুলিতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল কুষ্টিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
আজ রোববার সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়ার পর রাত আটটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রশিদুর রহমান মারা যান। হাসপাতালের সহকারী পরিচালক আজিজুর নাহার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিত্সক প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, নিহতের মাথার বাঁ পাশে কানের নিচে এবং হূদ্যন্ত্রে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে বাজারের একটি ওষুধের দোকানে যান রশিদুর রহমান। সেখানে এক ব্যক্তি তাঁকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক রাত আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে জেলা ও উপজেলা বিএনপির কয়েক শ নেতা-কর্মী জড়ো হন।
হাসপাতালে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পূর্ণাঙ্গ তদন্তসহ বিচারের দাবি করছি।’
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রশিদুর রহমান চরমপন্থী দলগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। পুরো ঘটনার প্রকৃত তথ্য জানতে তদন্ত চলছে।
সকাল-সন্ধ্যা হরতাল
রশিদুর রহমান হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার কুষ্টিয়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। চিকিত্সকেরা রশিদুরকে মৃত ঘোষণার পরপরই হরতাল আহ্বান করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ।