কুষ্টিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে পারুলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বোয়ালিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান খোয়াজ হোসেন জানান, দুই দিন আগে জরাফত আলীর ছেলের সঙ্গে তাঁর ভাই মৃত ছাবুদ মোল্লার ছেলে কলম মোল্লার ঝগড়া হয়। গতকাল সকালে পারুলা খাতুন তাঁর বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় কলম মোল্লা ধারালো হাঁসুয়া দিয়ে পারুলাকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক।