কুষ্টিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আরেকজন জখম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া গ্রামে গত রোববার রাতে সাহারা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তাঁর বোনের মেয়ে সানজিদা আক্তার (২১) সাহায্যের জন্য এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। সানজিদাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, ঝাউদিয়া গ্রামে সাহারা, তাঁর ছেলে জিহাদ (১২) ও বোনের মেয়ে সানজিদা রোববার দিবাগত রাতে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন সন্ত্রাসী ঘরে ঢুকে সাহারাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সানজিদা এ সময় খালা সাহারাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে জখম করে।আহত সানজিদার বাবা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি রাতে চিৎকার শুনে ঘরে গিয়ে দেখেন, সাহারা ও সানজিদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সন্ত্রাসীরা তখনো বাড়ির উঠোনে হাঁসুয়া ও দা নিয়ে দাঁড়িয়ে ছিল। তিনি চিৎকার দিলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। তাজুল জানান, সানজিদাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। জানা যায়, সানজিদা চার মাসের অন্তঃসত্ত্বা। ছেলে জিহাদকে নিয়ে সাহারা ঝাউদিয়া গ্রামে তাঁর বাবার বাড়িতে থাকতেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ রাতেই সাহারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সাহারার দেহের কয়েক জায়গায় এবং সানজিদার ডান হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ওসি জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সাহারার মা জরিনা খাতুন সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।