কুষ্টিয়ায় চাঁদার দাবিতে ককটেল হামলা, আহত ২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডিতে চাঁদার দাবিতে শ্রমিকদের মারধর করে ককটেল হামলা চালিয়েছে সন্ত্রাসীরা৷ এতে দুই শ্রমিক আহত হন৷ গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে খলিশাকুণ্ডি বাজারে এ ঘটনা ঘটে৷
আহত শ্রমিকেরা হলেন মোহাম্মদ পালু ও মোতালেব হোসেন৷
পুলিশ ও এলাকাবাসী জানান, দৌলতপুর থেকে প্রাগপুর পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে৷ পাথর, বালু ও পিচ খলিশাকুণ্ডি বাজারের পাশে রেখে শ্রমিকেরা কাজ করেন৷ কয়েক দিন ধরে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে৷ রাত দেড়টার দিকে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাজারে গিয়ে সড়কের কাজে নিয়োজিত শ্রমিকদের অস্ত্র দেখিয়ে জিম্মি করে টাকা, মুঠোফোন ও টর্চলাইট কেড়ে নেয়৷ আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও শ্রমিকদের মারধর করে৷ পালিয়ে যাওয়ার সময় বাজারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কটটেল বিস্ফোরণ ঘটায়৷ এতে দুই শ্রমিক আহত হন৷
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷