কুষ্টিয়ায় চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে তাঁর চাচাতো ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার তেলিগাংদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান (২৪) ওই গ্রামের আবুর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই গ্রামের হানিফের ছেলে মতিউর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই মান্নানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মান্নান তাঁর হাঁসুয়া দিয়ে মতিউরকে আঘাত করতে যান। এই সময় মতিউর লাঠি দিয়ে মান্নানের মাথায় আঘাত করেন। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় মান্নানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বেলা তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।