কুষ্টিয়ায় চাপে পড়ে চালকলের মালিকেরা বোরো মৌসুমে সরকারকে চাল দিতে চুক্তি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত হাতে গোনা কিছু মালিক এই চুক্তি করেছেন। অন্যরা কবে করবেন, তার কোনো নিশ্চয়তা নেই।
তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান প্রথম আলোকে বলেন, আশা করা যাচ্ছে ৩১ মের মধ্যে সবাই চুক্তি করে নেবেন। কাউকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। সরকারি বিধিমালা অনুসারে সবকিছু করা হচ্ছে এবং হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, এ বছর কুষ্টিয়ায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৪৬৪ মেট্রিক টন। সরকারিভাবে চালের দাম ধরা হয়েছে কেজিপ্রতি ৩৪ টাকা। ২০ মের মধ্যে মিলমালিকদের চুক্তি করার কথা ছিল। সে সময় তাঁরা কেউ চুক্তি করেননি। তবে খাদ্য মন্ত্রণালয় ৩১ মে পর্যন্ত চুক্তির সময় বৃদ্ধি করে।
চালকলের মালিক ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে বর্তমানে মোটা চালের দাম ৩৮-৪০ টাকা। আর সরকার দর নির্ধারণ করেছে ৩৪ টাকা। ৪-৬ টাকা লোকসানে এই মৌসুমে চাল দেওয়া সম্ভব হবে না। তাই তাঁরা চুক্তি করতে অনীহা দেখাচ্ছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য কর্মকর্তা (কারিগরি) শাহ নেওয়াজ বলেন, জেলার মধ্যে সদরে সবচেয়ে বেশি চাল সংগ্রহ করা হয়। সদরে ৩৭৫ জন মিলমালিক রয়েছেন। এর মধ্যে মাত্র ৭১ জন মিলমালিক গতকাল রোববার বিকেল পর্যন্ত চাল দিতে চুক্তি করেছেন। তাঁরা ৪ হাজার ৫০০ টন চাল দেবেন। এর বাইরে মিরপুরে ৮৩ জন ও দৌলতপুরে মাত্র ২৪ জন চুক্তি করেছেন। আর ভেড়ামারা, কুমারখালী ও খোকসায় এখনো কেউ চুক্তি করেননি।
দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে তিন শতাধিক মিল রয়েছে। সেখানে অটো রাইস মিলের সংখ্যা ৩১। গত বছরও কষ্ট করে লাভ ছাড়াই বোরো মৌসুমে চাল সরবরাহ করেন মিলমালিকেরা। এ বছর বাজার থেকে সরকারের দামে ফারাক অনেক বেশি। এ অবস্থায় চাল সরবরাহ নিয়ে শঙ্কায় পড়েছেন মিলমালিকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মিলমালিক প্রথম আলোকে বলেন, অনেকটা চাপে পড়ে চুক্তি করতে হচ্ছে। কিছুটা আতঙ্ক রয়েছে। পরবর্তী সময়ে হয়রানি হতে পারে বা মিল বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কায় কেউ কেউ চুক্তি করতে বাধ্য হচ্ছেন। সরকারের লোকজন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা এই চাপ দিচ্ছেন।
তবে বিষয়টি অস্বীকার করছেন খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা। তাঁরা বলছেন, যেহেতু সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে। সেই মোতাবেক চুক্তি না করলে বরাদ্দ দেওয়া মিলমালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যে রয়েছে যাঁরা চুক্তি করবেন না, সেই সব মিল আগামী চার বছরের মধ্যে কোনো চুক্তি করতে পারবে না। এমনকি মিল বন্ধ করে সিলগালা করে দেওয়া হতে পারে।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, কিছুটা শঙ্কা তো আছেই। তারপরও লোকসান জেনেও চুক্তি করতে হচ্ছে। কিছুই করার নেই।