কুষ্টিয়ায় চারটি গুরুত্বপূর্ণ পদে একজন কর্মকর্তা
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার চারটি গুরুত্বপূর্ণ পদে একজন কর্মকর্তা তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান একাই মিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড), ভেড়ামারার ইউএনও এবং এসি ল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্বে আছেন। এক উপজেলায় ইউএনও এবং দুই উপজেলায় এসি ল্যান্ড না থাকায় এসব কার্যালয় থেকে সেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জানতে চাইলে আজাদ জাহান বলেন, ‘এটা বড় চাপ। রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়। সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে হচ্ছে।’ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর আজাদ জাহান ভেড়ামারার এসি ল্যান্ড থেকে পদোন্নতি পেয়ে মিরপুরের ইউএনও হিসেবে যোগ দেন। সে সময় ভেড়ামারার ইউএনও রাজিবুল ইসলাম এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পান। রাজিবুল ইসলাম এ বছরের ১৪ মার্চ বদলি হয়ে অন্যত্র চলে যান। একই দিন ভেড়ামারার ইউএনও এবং এসি ল্যান্ড পদে আজাদ জাহান অতিরিক্ত দায়িত্ব পান। ওই দিনই মিরপুরের এসি ল্যান্ডের পদও শূন্য হওয়ায় তিনি সেই পদেরও অতিরিক্ত দায়িত্ব পান। ভূমি কার্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসি ল্যান্ডরা সরকারি, অর্পিত, পরিত্যক্ত ও খাসজমির পাশাপাশি হাটবাজার, জলমহাল ব্যবস্থাপনা করে থাকেন। জমির নামজারিসহ জমিসংক্রান্ত নানা কাজে অনেক লোক এসি ল্যান্ডের কার্যালয়ে যান। এই দুটি উপজেলার ভূমি কার্যালয়ে মাসে অন্তত ৫০০ নামজারি হয়। নাম প্রকাশ না করার শর্তে ভেড়ামারা উপজেলা পরিষদের একজন কর্মকর্তা বলেন, ইউএনও ও এসি ল্যান্ড না থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। ভেড়ামারা ভূমি কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, এসি ল্যান্ড না থাকায় কাগজপত্র সই করাতে তাঁকে মাঝেমধ্যে ১০ কিলোমিটার দূরে মিরপুরে যেতে হয়। মিরপুরের ইউএনও আজাদ জাহান বলেন, দুই উপজেলায় এসি ল্যান্ড না থাকায় ভূমিসংক্রান্ত কাজে সমস্যা হচ্ছে।জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন গত বৃহস্পতিবার বলেন, দু-এক দিনের মধ্যেই ভেড়ামারায় একজন ইউএনও যোগ দেবেন। দুই উপজেলায় ভূমি কর্মকর্তা কবে নিয়োগ পাবেন, তা তিনি জানেন না। এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।