কুষ্টিয়ায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সরকারের বোরো মৌসুমের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। বর্তমান বাজার দরের চেয়ে সরকার নির্ধারিত ক্রয়মূল্য কম হওয়ায় মিলাররা চাল সরবরাহে চুক্তি করতে আগ্রহী হননি। এই জেলায় চাল কেনার বরাদ্দ বাড়লেও লক্ষ্য পূরণ হয়নি।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ৩২ টাকা কেজি দরে চাল কিনেছে সরকার। গত ২৪ জুলাই মন্ত্রণালয় থেকে বোরো চাল কেনার জন্য জেলা খাদ্যনিয়ন্ত্রকের কাছে চিঠি আসে। প্রথম পর্যায়ে আগস্ট মাসে ৮ হাজার ৫৪১ টন চাল কেনার জন্য ৫৮৮ জন মিল মালিক চুক্তি করেন। কিন্তু নানা জটিলতায় ৩০ আগস্ট পর্যন্ত চালের সরবরাহ তেমন পাওয়া যায়নি। এ পরিপ্রেক্ষিতে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় থেকে মন্ত্রণালয়ে চাল কেনার সময় বৃদ্ধির আবেদন করা হয়। দ্বিতীয় দফায় ১৫ অক্টোবর এবং তৃতীয় ও শেষ দফায় চাল কেনার শেষ সময় ৩১ অক্টোবর। মোট ১৪ হাজার ৩ টন বরাদ্দের বিপরীতে প্রায় ৭ হাজার ৬৮৫ টন চাল কেনা হয়েছে। উপজেলা সদরে ১০ হাজার ১৭৯ টনের বিপরীতে কেনা হয়েছে প্রায় ৫ হাজার ৫০০ টন। অতিরিক্ত বরাদ্দ দেওয়া হলেও সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে চাল বেশি দামে বিক্রি হচ্ছে। এ জন্য অধিকাংশ মিল মালিক বরাদ্দের বিপরীতে চুক্তি করতে আগ্রহ দেখাননি।
সদর উপজেলার খাদ্য কর্মকর্তা এ কে এম শাহ নেওয়াজ বলেন, চাল কেনার মেয়াদ আর বাড়বে না। খাদ্যগুদামে আর চালের সরবরাহ পাওয়া যাবে না। এখন নতুন করে চুক্তি করারও সুযোগ নেই।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, বাজারে এখন সর্বনিম্ন ৩৫-৩৬ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। প্রথম দফায় বাজারে চালের দাম কম থাকায় চালকল মালিকেরা চুক্তি করেছিলেন। কিন্তু চালের দাম বাড়ায় পরে কেউ চুক্তি করেননি।
জেলা খাদ্যনিয়ন্ত্রক স্বপন কুমার কুণ্ডু বলেন, দ্বিতীয় ও তৃতীয় দফায় বরাদ্দ অনুযায়ী চাল কেনা সম্ভব হয়নি।