কুষ্টিয়ায় চিকিৎসক হত্যা: জড়িত কেউ শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান খুনের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তারও নেই। পুলিশ বলছে, মামলার বেশ অগ্রগতি হয়েছে। অচিরেই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালানো হবে।
জানতে চাইলে খুনের ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে। তবে এখনো চূড়ান্তভাবে আসামি শনাক্ত করা যায়নি। আশা করা যাচ্ছে, শিগগিরই একটা ভালো ফল পাওয়া যাবে।’
গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার শিশিরমাঠে দুর্বৃত্তদের নৃশংস হামলায় নিহত হন হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান। হামলায় চিকিৎসকের বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরদিন শনিবার সানাউরের ভাই মীর আনিছুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এদিকে সাইফুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে আজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষক ছাড়াও কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করে অংশ নেন। শিক্ষক সমিতির সভাপতি এমতাজ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপাচার্য আবদুল হাকিম সরকার, সহ-উপাচার্য শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ অলী উল্যাহ ও বাংলা বিভাগের সভাপতি গৌতম কুমার দাস।
বক্তারা বলেন, সাইফুজ্জামান একজন নরম, ভদ্র ও মিষ্টভাষী মানুষ হিসেবে পরিচিত। এমন একজন মানুষের ওপর নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।