কুষ্টিয়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সংঘর্ষে আহত ১
কুষ্টিয়া শহরে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে নারিকেলতলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে রোমেল (৩০) নামে স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোমেলের বাড়ি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায়।মডেল থানা পুলিশ রাতে শহরের বেশ কয়েকটি বাসা বাড়ি ও কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে অভিযান চালিয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ছয়জনকে আটক করেছে। মডেল থানার উপপরিদর্শক ওবাইদুল হক বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। বাকিরা তাঁদের পরিচয়পত্র না দেওয়ায় হোস্টেল থেকে থানায় নেওয়া হয়েছে। অভিযানের সময় হোস্টেলের গোসলখানা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেলসহ বেশ কিছু লাঠিসোঁটা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে গুলি ও বোমা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।