কুষ্টিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ পাঁচজন আহত
কুষ্টিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত মিজানুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে। মঈন ও স্বপন নামের দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের টিঅ্যান্ডটি গলির মোড়ে চায়ের দোকানে ছাত্রলীগের মঈন ও জনির মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে তাঁদের সমর্থিত লোকজন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের তিনজন ক্ষুরাঘাতে মারাত্মক জখম হন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টায় সেখানেও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাধে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। নিজেদের মধ্যে দ্বন্দ্বে এ সংঘর্ষ হয়েছে।