কুষ্টিয়ায় ছাত্রীসহ তিনজন অ্যাসিড-সন্ত্রাসের শিকার
কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামে কলেজছাত্রীসহ একই পরিবারের তিনজন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
অ্যাসিডের এ ঘটনার জেরে গতকাল রোববার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে সামাজিক আধিপত্য নিয়ে স্থানীয় হালিম মোল্লা ও মনির উদ্দীনের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত চার-পাঁচ দিন ধরে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। শনিবার রাত নয়টার দিকে হালিম মোল্লা-সমর্থিত আয়ুব মণ্ডলের বাড়িতে তাঁর মেয়ের শোয়ার ঘরে দুর্বৃত্তরা অ্যাসিড ছোড়ে। এতে চৌকিতে শুয়ে থাকা আয়ুব মণ্ডলের বোন সালেহা খাতুন (৫০), মেয়ে সোনিয়া খাতুন (১৮) ও ভাইয়ের ছেলে তিতুমীর (১৩) আহত হয়। পরে রাতেই তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সোনিয়া এ বছর স্থানীয় ঝাউদিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।
সালেহা খাতুন বলেন, রাতে তিনি, সোনিয়া ও তিতুমীরকে নিয়ে ঘরের ভেতর শুয়েছিলেন। জানালা দিয়ে কী যেন ছুড়ে এসে গায়ে পড়তে দেখেন। এতে তাঁদের শরীরে জ্বালা করে।
সোনিয়া ও তিতুমীরের অবস্থা খারাপ হলে তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিতুমীরের বাবা রিয়াজুল ইসলাম মুঠোফোনে ঢাকা থেকে জানান, তিতুমীরের অবস্থা ভালো। তবে সোনিয়ার অবস্থা তেমন ভালো না। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে অ্যাসিডের ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আত্তাব মল্লিক (৭০), জহির মল্লিক (৪০), শাহেদা খাতুন (৩০), মিন্টু (২৫), বসত আলী (৪২) ও, ইউনুচ আলী (৫০) গুরুতর আহত হন। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অ্যাসিড নিক্ষেপে জড়িত সন্দেহে নায়েব আলী নামে একজনকে আটক করা হয়েছে। সামাজিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।