কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মকবুল হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার কুষ্টিয়া বিসিক শিল্প নগর এলাকায় বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে। মকবুল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজের নির্মাণাধীন একটি ভবনে সকালে মকবুল হোসেনসহ কয়েকজন কাজ করছিলেন। দ্বিতীয় তলার নির্মাণ করা ছাদের কাঠের অংশ (সাটার) খোলার সময় অসাবধানতাবশত পা পিছলে মকবুল হোসেন নিচে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার এসআই নাজমুল হোসাইন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।