কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাড়ির ছাদ থেকে পড়ে ফাতেমা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের বেশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
ফাতেমার মামাতো ভাই জিয়ারুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে নির্মাণাধীন বাড়ির ছাদে খেলছিল ফাতেমা। এ সময় হঠাৎ সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে অবস্থা আরও খারাপ হলে তাকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল চারটার দিকে ফাতেমাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।