কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছুরিকাঘাতে মিলন কুমার কর (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে মিরপুর-দৌলতপুর সড়কের চিথলিয়া মাঠে এ ঘটনা ঘটে।

মিলন কুষ্টিয়া শহরের মিলপাড়ার সতীন্দ্র নাথ করের ছেলে। শহরের এনএস রোডে তাঁর মডার্ন ক্লথ স্টোর নামে একটি কাপড়ের দোকান আছে।
পুলিশের দাবি, ছিনতাইকারীরা মিলনকে হত্যা করেছে।
মিলনের পরিবার সূত্রে জানা যায়, প্রতি বৃহস্পতিবার দৌলতপুর ও ভেড়ামারা শহরে কাপড় বিক্রির টাকা আদায় করতে যেত মিলন। রাতে ভেড়ামারা উপজেলা শহরে কাপড়ের টাকা আদায় করে মিলনসহ গৌতম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। পথে তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিথলিয়া মাঠে আগে থেকে ওঁত্ পেতে থাকা ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে। তারা মিলনকে আঘাত করে তাঁর কাছে থাকা টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চলে যায়। মিলন ঘটনাস্থলেই নিহত হন। ছিনতাইকারীরা গৌতমকে মারধর করে বেঁধে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।