কুষ্টিয়ায় জঙ্গিবিরোধী মতবিনিময়, মাগুরায় গণসমাবেশ
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে গতকাল সোমবার জঙ্গি, সন্ত্রাস, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মাগুরায় একই বিষয়ে গণসমাবেশ করে জেলা পুলিশ।
গতকাল দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এস এম মেহেদী হাসান। তিনি বলেন, বর্তমানে একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করাই তাদের লক্ষ্য। তবে একাত্তর সালে স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ একসঙ্গে কাজ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন। এখনো সবাই এককাট্টা হয়ে দেশ থেকে জঙ্গিবাদ ও নাশকতা দূর করতে পারবে। তিনি সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ইমামদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মাগুরায় গণসমাবেশের স্লোগান ছিল ‘মাদক ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’। শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মুনিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এ এস এম মনির উজ জামান।
অন্যদের মধ্যে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুণ্ডু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির, জেলা পরিষদের সাবেক প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
পরে জেলার ৪ উপজেলার ১৪৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন। তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। এ সময় অতিথিরা তাঁদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে স্বাগত জানান। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়।