কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আবদুল জব্বার মণ্ডল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এ সংঘর্ষ হয়।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় পুলিশ ক্যাম্প ও কুষ্টিয়া মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিহত আবদুল জব্বার নাজিরপুর গ্রামের খোকা মণ্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাজিরপুর গ্রামের বাসিন্দা আজাহার মণ্ডলের একটি জমি নিয়ে পাশের শেওড়াতলা গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ সকালে আজাহার মণ্ডলের ছেলেদের সঙ্গে কয়েকজন দিনমজুর বিরোধপূর্ণ ওই জমিতে ধানের চারা বুনছিলেন। খবর পেয়ে জহুরুল ইসলামের ২০-২৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে জমিতে গিয়ে তাঁদের বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে আজাহার পক্ষের আবদুল জব্বারসহ ছয়-সাতজন আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক মাহমুদা ফেরদৌস প্রথম আলোকে জানান, আবদুল জব্বার হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাত্ক্ষণিকভাবে ১১ জনকে আটক করা হয়েছে।