কুষ্টিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র উদ্ধার
কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার একটি মেস থেকে রোববার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৭টি উত্তরপত্রসহ দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান ও ঝিনাইদহ কেসি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ইমদাদ হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা উত্তরপত্রের মধ্যে হিসাববিজ্ঞান, ইংরেজি, ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি বিভাগের খাতা রয়েছে। এর মধ্যে রাজবাড়ি আদর্শ মহিলা কলেজের একটি খাতা, পাংশা কলেজের চারটি, রাজবাড়ী সরকারি কলেজের তিনটি, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের দুটি, কুমারখালী ডিগ্রি কলেজের আটটি, পাংশা শহীদ দিয়ানত কলেজের ১০টি, পাবনা বেড়া কলেজের তিনটি, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের তিনটি খাতা রয়েছে।পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, একটি জালিয়াত চক্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার খাতায় পরীক্ষায় পাশের নিশ্চয়তা দিয়ে অর্থের বিনিময়ে এ কাজটি করছে। ঘটনার সঙ্গে শিক্ষক ও বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকতে পারেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা প্রতিটি খাতার সঙ্গে পরীক্ষার্থীর প্রবেশপত্রের ছবি সংযুক্ত রয়েছে।