কুষ্টিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হুোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গতকাল সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা সমন্বয় সভা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকালে আলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুলিশকে বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালান। হামলায় পুলিশের ছয় কর্মকর্তা গুরুতর আহত হন। ওই ঘটনায় মডেল থানায় দ্রুত বিচার আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলায় মোশাররফ হুসাইনসহ জামায়াত-শিবিরের প্রায় ৩০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। দ্রুত বিচার আইনে করা মামলায় ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঘটনার পর থেকে তিন মাস ধরে জামায়াত নেতা মোশাররফসহ অন্য আসামিরা পলাতক ছিলেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা তিন মাস সমন্বয় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকলে চেয়ারম্যান পদ বিলুপ্ত হওয়ার বিধান রয়েছে। গতকাল চেয়ারম্যান জামায়াত নেতা মোশাররফ সমন্বয় সভায় উপস্থিত হন। সকাল থেকেই মিলনায়তনের বাইরে পুলিশ অবস্থান নেয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীবসহ উপজেলার সব ইউপির চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।সকাল সোয়া ১০টার দিকে মোশাররফ মিলনায়তনের ভেতর প্রবেশ করেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান তাতে বাধা দেন। সভায় এক ঘণ্টা পর জামায়াত নেতা মোশাররফ বক্তৃতা করেন। বক্তৃতাকালে তিনি উপস্থিত সাংবাদিকদের দিকে আঙুল উঁচিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। সভার শেষ পর্যায়ে পুলিশ মিলনায়তনের ভেতর প্রবেশ করে মোশাররফকে গ্রেপ্তার করে। এ সময় আওয়ামী লীগের নেতা আকতারুজ্জামান তাঁর হাত ধরে সম্মানের সঙ্গে তাঁকে পুলিশের গাড়িতে তুলে দেন।অভিযোগের ব্যাপারে আকতারুজ্জামান বলেন, সভা শেষ করে উপজেলা চেয়ারম্যানকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আওয়ামী লীগের নেতা যদি জামায়াত নেতার প্রতি এত সহনূভূতি দেখান, তাহলে আমাদের কিছুই করার থাকে না।’