কুষ্টিয়ায় জাসদ নেতার নামে মামলা করবে নিহতের পরিবার
কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া পল্লি চিকিৎসক লুৎফর রহমান ওরফে সাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় জাসদ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা।
তবে এই হত্যাকাণ্ডকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের মধ্যে ভাঙন সৃষ্টির পাঁয়তারা হিসেবে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি গতকাল শুক্রবার মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে এক সভা করেন।
গতকাল রাত আটটা পর্যন্ত হত্যা মামলা দায়ের হয়নি। লুৎফরের ছোট ভাই হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হত্যার পেছনে জাসদের নেতা মশিউর রহমান ও তাঁর লোকজন জড়িত। তাঁদের নাম উল্লেখ করে এজাহার লেখা হয়েছে। থানার ওসি বাইরে আছেন। তিনি এলেই লিখিত এজাহার জমা দেওয়া হবে। আমি বাদী হচ্ছি।’
একসময় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন লুৎফর রহমান। প্রায় পাঁচ মাস আগে আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর আগে গত ইউপি নির্বাচনে আমবাড়িয়া ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জাসদের প্রার্থী মশিউরের কাছে হেরে যান। গত বুধবার লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর হত্যার জন্য দায়ী করে জাসদের নেতার বাড়ি ও দলীয় কার্যালয় পুড়িয়ে দেন বিক্ষুব্ধ লোকজন।
মামলার ব্যাপারে যোগাযোগ করা হলে সদ্য যোগ দেওয়া ওসি রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘আমি থানার বাইরে আছি। শুনেছি, মামলা দিতে এসেছে। তবে এখনো জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
লুৎফরের পরিবারের এক সদস্য বলেন, রক্তমাখা একটি জ্যাকেট পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া হত্যার পর আমবাড়িয়া গ্রামের এক ব্যক্তির সঙ্গে একটি রাজনৈতিক দলের এক নেতার মুঠোফোনের আলাপ সংগ্রহ করা হয়েছে। সেখানে হত্যা-পরবর্তী বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তা সিডি আকারে পুলিশকে দেওয়া হবে।
এদিকে গতকাল সকালে হাসানুল হক ইনু মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে এক সভা করেন। হত্যাকাণ্ডের জেরে জাসদ নেতার বাড়ি ও কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি মহল ১৪ দল ও আওয়ামী লীগের ভেতর অনৈক্য সৃষ্টির পাঁয়তারা করছে।