কুষ্টিয়ায় জাসদ নেতাসহ চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক উপসহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগে পুলিশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা শাখার এক নেতা ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। পাউবোর উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার সকালে কুষ্টিয়া মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাসদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার জিল্লুর রহমান এবং তাঁর তিন সহযোগী শহিদুল ইসলাম, সেলিম হোসেন ও সেলিম আলী। পাউবো ও পুলিশ সূত্রে জানা যায়, দরপত্র ও বিল-সংক্রান্ত বিষয়ে কয়েক দিন ধরে জিল্লুর রহমান ও তাঁর সহযোগীরা পাউবোর উপসহকারী প্রকৌশলী (দর শাখা ৩) আবদুল গফুর মিয়াকে হুমকি দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে জিল্লুর রহমানসহ পাঁচ-ছয়জনের একটি দল পাউবো এলাকার মধ্যে অবস্থিত গফুরের আবসিক কোয়ার্টারে গিয়ে তাঁকে মারধর করেন। রাতে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে গতকাল সকালে তিনি বাড়ি ফিরে যান। এ ঘটনায় এদিন সকালেই কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন মোস্তাফিজুর রহমান। অভিযোগ পেয়ে দুপুরে পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে জাসদ নেতা জিল্লুরসহ পাঁচ-ছয়জন গফুরের কোয়ার্টারে এসে তাঁকে বেদম প্রহার করেন। এতে তিনি গুরুতর আহত হন। একটি বিল নিয়ে গফুরকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, দ্রুত বিচার আইনে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানতে চাইলে জাসদের জেলা শাখার সভাপতি গোলাম মহসিন প্রথম আলোকে বলেন, জিল্লুর রহমান জাসদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণীর ঠিকাদার। দৌলতপুর উপজেলায় জলবায়ু ট্রাস্টের একটি কাজের টাকা উত্তোলন করতে গেলে পাউবোর এক কর্মকর্তা উৎকোচ দাবি করেন। তাঁদের মারধর ও অস্ত্র দিয়ে ভয় দেখানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তারা অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তা ঢাকার জন্য এ রকম (মারধর) কথা বলে থাকেন।’