কুষ্টিয়ায় জাসদের কর্মীকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) কর্মী সুজিত সিংহ রায়কে (৩৪) জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকালে জেলার মিরপুর উপজেলার লক্ষ্মীনদর দিয়াড় গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুজিতের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার কাজীপুর গ্রামে। তিনি ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত কুমার সিংহ রায়ের ছোট ভাই।জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ‘সুজিত জাসদের কর্মী ছিলেন। তাঁর পরিবারের সবাই জাসদের সঙ্গে সম্পৃক্ত।’ তিনি জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকেলে ভেড়ামারা উপজেলায় জেলা জাসদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়। তাঁরা অনতিবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানান।নিহতের ভাই অসিত কুমার প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে আশরাফুল নামের পরিচিত এক ব্যক্তি সুজিতকে বাড়ির কাছে কাজীপুর বাজারে হিটলারের দোকানের সামনে থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সুজিতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোনও ছিল বন্ধ। রাতে অনেক খোঁজ করার পর বিষয়টি দৌলতপুর থানার পুলিশকে জানানো হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গতকাল সকাল ছয়টার লক্ষ্মীনদর দিয়াড় ব্রিজের কাছে স্থানীয় লোকজন একটি জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মিরপুর থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করার পর জানতে পারে লাশটি দৌলতপুরের সুজিত সিংহ রায়ের। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, নিহত ব্যক্তির পরিবারের তথ্য অনুযায়ী কাজীপুর বাজারের দোকানি হিটলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। অসিত জানান, ১১ বছর আগে তাঁর চাচাতো ভাই রঞ্জিত কুমার সিংহ রায়কে সন্ত্রাসীরা দিনের বেলায় গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে, সুজিত হত্যাকাণ্ডে ওই সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে নিহতের ভাই অসিত থানায় ১৩ জনকে সন্দেহজনকভাবে এবং অজ্ঞাত আরও আট-দশজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ওসি হাসান জানান, এ ঘটনায় বেশ কিছু তথ্য পাওয়া গেছে। শিগগিরই প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা যাবে।