কুষ্টিয়ায় জাসদের নেতা ও কর্মীদের হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে জাসদের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর নানাভাবে হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ এপ্রিল ওই ইউপির নির্বাচনে জাসদ-মনোনীত প্রার্থী নূরজাহান বেগম গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে জাসদের কর্মী-সমর্থক সোহাগ মোল্লা, কাইয়ুম বিশ্বাস, আয়না বিশ্বাস, মাহমুদ বিশ্বাস ও আলতাব বিশ্বাসের দোকানপাট খুলতে দেওয়া হচ্ছে না। তাঁদের ভয় দেখানো হচ্ছে। এ ছাড়া রাতে স্থানীয় পুলিশ ক্যাম্পের দুজন পুলিশকর্মকর্তার সহায়তায় এলাকায় জাসদের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে।

অভিযোগ অস্বীকার করে খোকসা থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, ওই এলাকার কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি জানাও নেই। সেখানকার সব দোকানপাট খোলা আছে। ইচ্ছা করে কেউ হয়েতো সংকট তৈরি করতে পারে।