কুষ্টিয়ায় জুয়েলারি দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণালংকার চুরি
কুষ্টিয়ার বড়বাজার এলাকায় নিউ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণালংকার চুুরি হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার সকাল নয়টার দিকে ওই দোকানের কর্মচারীরা দোকান খুলে ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান। দোকানের কর্মচারী উত্তম বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে দোকানের সব স্বর্ণালংকার তিনটি সিন্দুকে তালা বন্ধ করে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা একটি সিন্দুক ভেঙে স্বর্ণালংকার নিয়ে গেছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। দোকানের সামনে পৌরসভার ড্রেন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ড্রেন দিয়ে মাটি খুঁড়ে চোরেরা দোকানে ঢুকেছে। কুষ্টিয়া জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি ও নিউ জুয়েলার্সের মালিক বৃন্দাবন কর্মকার দাবি করেন, তাঁর দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।